২৭ ডিসেম্বর ৫০ বছর পূর্ণ হচ্ছে বলিউড সুপারস্টার সালমান খানের। কখনো
ব্যাড বয় আবার কখনো সুপারস্টার, দীর্ঘদিনের অভিনয় জীবনে অনেক কারণেই
আলোচনায় এসেছেন তিনি। বলিউডে ২৫ বছরের ক্যারিয়ারে ৮০টির বেশি হিন্দি
চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ভালো অভিনয়ের জন্য পেয়েছেন পুরস্কার আবার
বিভিন্ন সমালোচনার কারণে পেয়েছেন তিরস্কারও।
১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর, ভারতের মধ্যপ্রদেশের ইনদোরে জন্ম হয় সালমান
খানের। তার বাবা বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার সেলিম খান এবং মা সালমা
খান। সালমানের প্রকৃত নাম আব্দুল রশিদ সেলিম সালমান খান। পরে সিনেমায়
অভিনয়ের জন্য নাম পরিবর্তন করে রাখা হয় সালমান খান। নিজেকে হিন্দু এবং
মুসলমান দুই ধর্মের মানুষ বলে পরিচয় দেন এ অভিনেতা।
সালমানের সৎ মা অভিনেত্রী হেলেন। তার ভাই আরবাজ খান, সোহেল খান এবং বোন আলভিরা খান। এছাড়া পালক বোন অর্পিতা খান।
১৯৮৯ সালে সুরাজ বার্জাতিয়া পরিচালিত ম্যায়নে পেয়ার কিয়া সিনেমায়
অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় সালমান খানের। এরপর ১৯৯০ সালে মুক্তি
পায় তার পরবর্তী সিনেমা বাঘি : অ্যা রেবেল ফর লাভ। এরপর আর পেছনে ফিরে
তাকাতে হয়নি সালমানকে। সাজন, হাম আপকে হ্যায় কৌন, করণ অর্জুন, জড়ুয়া, হাম
দিল দে চুকে সানাম, হাম সাথ সাথ হ্যায়, তেরে নাম, দাবাং, এক থা টাইগার,
ওয়ান্টেড, কিক, বাজরাঙ্গি ভাইজানসহ বেশকিছু জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার
দিয়ে ভক্তদের ভালোবাসা পেয়েছেন তিনি। পাশাপাশি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন
বলিউডের সুপারস্টার হিসেবে।
দীর্ঘ ক্যারিয়ার জীবনে অনেকবারই বিভিন্ন অ্যাওয়ার্ডে মনোনয়ন এবং বিজয়ী
হয়েছেন সালমান খান। তার মধ্যে রয়েছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস, স্টার স্ক্রিন
অ্যাওয়ার্ডস, আইফা অ্যাওয়ার্ডস, জি সিনে অ্যাওয়ার্ডস, অপসরা ফিল্ম অ্যান্ড
টেলিভিশন প্রডিউসার গিল্ড অ্যাওয়ার্ড, স্টারডাস্ট অ্যাওয়ার্ডস, বিগ স্টার
এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডসসহ অন্যান্য পুরস্কার।
অভিনেতা হিসেবে জনপ্রিয় হওয়ার পাশাপাশি গায়ক হিসেবেও নিজেকে পরিচিত
করেছেন সালমান খান। তার গানের মধ্যে রয়েছে, ‘চাঁদনি কি ডাল পার সোনে কা
মোর’ (হ্যালো ব্রাদার), ‘হ্যাংওভার’ (কিক), ‘জুম্মে কি রাত’ (কিক), ‘তু হি
তু হার জাগা’ (কিক) এবং ‘ম্যায় হু হিরো তেরা’ (হিরো)।
সালমান খান যে শুধু সিনেমায় অভিনয় করেছেন তা নয়। ছোট পর্দাতেও সমান
জনপ্রিয় তিনি। দশ কা দম, বিগ বস অনুষ্ঠানগুলো দিয়ে ছোট পর্দাতে নিজের
রাজত্ব তৈরি করেছেন।






