‘প্রেম রতন ধন পায়ো’ ছবির রেশ কাটার আগেই রটেছিল রটনা। ‘আশিকি’ ছবির ত্রিক্যুয়েল ‘আশিকি ৩’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সোনম কাপুর। মুম্বাইয়ের সেসব গুজবকে থামিয়ে দিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। সাফ জানিয়ে দিলেন, ‘আশিকি ৩’ ছবিতে থাকছেন না তিনি।
তিনি বলেন, ‘আশিকি ৩’ ছবির কিছু চিত্রনাট্য পড়েছি মাত্র। এর মানে আমি ছবিটিতে অভিনয় করছি, তা নয়; অভিনয় করার কথা রয়েছে বোন রিয়ার ছবিতে।’
‘নীরজা’ ছবির ট্রেলার অবমুক্তির অনুষ্ঠানে সংবাদমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপের সময় সোনম জানান, বোনের ছবি ছাড়া অন্য কোনো ছবিতে অভিনয়ের কথা ভাবছেন না তিনি। রাম মাধবানি পরিচালিত ছবি ‘নীরজা’য় অকুতোভয় বিমানবালা নীরজা ভানতের চরিত্রে অভিনয় করেছেন সোনম কাপুর।
একজন বিমানবালার জীবনীনির্ভর ছবিতে অভিনয় প্রসঙ্গে বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে সোনম বলেন, ‘চরিত্রটি ফুটিয়ে তোলাটা ছিল একটা বিরাট দায়বদ্ধতা। আমি ‘নীরজা’র পরিবার ও সিনেমার কলাকুশলীদের কাছে ঋণী হয়ে গেলাম। যতটা সম্ভব সততার সঙ্গে কাজটি করার চেষ্টা করেছি।’
ছবিতে আরও অভিনয় করেছেন সংগীত তারকা শেখর রাভজানি। তাঁর সম্পর্কে বলতে গিয়ে সোনম বলেন, ‘ছবিতে তিনি দারুণ করেছেন।’
সবকিছু ঠিকঠাক থাকলে ‘নীরজা’ ছবিটি মুক্তি পাবে ফেব্রুয়ারিতে। ইন্ডিয়ান এক্সপ্রেস।






