ক্রিকেট বোর্ডের বাধার মুখে শাকিব!

ক্রিকেট বোর্ডের নানা বিধিনিষেধের মুখে পড়েছে ঢাকাই কিং অভিনীত ছবি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২’। দীর্ঘদিন ধরে সেন্সরে আটকে আছে সাফি উদ্দীন সাফির ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২’ ছবিটি। ১৩ নভেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও সেন্সর ছাড়পত্র না পাওয়ায় সেটা আর সম্ভব হয়নি। এরপর কেটে গেছে আরো এক মাস।
এবার বাংলাদেশ দলের লোগো ও ব্যাট দিয়ে মারপিটের দৃশ্যে বাদ দিয়েই সেন্সরে জমা দেয়া হবে বলে জানিয়েছেন সাফি। তিনি বলেছেন, ভেবেছিলাম বোর্ড হয়তো শিথিল হবে। কিন্তু না তারা তাদের সিদ্ধান্তে অটল। ফলে আমার মেনে নেয়া ছাড়া আর কোনো উপায় নেই। তা ছাড়া এমন একটি ছবি সেন্সরে ফেলে রাখাটাও বোকামি। সোমবার আবার ছবিটি সেন্সরে জমা দেব।নতুন করে মুক্তির তারিখ ঠিক করবেন পরিচালক। যদি এসপ্তাহে ছাড়পত্র মেলে। এর আগে, ২৮ অক্টোবর ক্রিকেট বোর্ডের দুই সদস্য ছবিটি দেখে বিভিন্ন দৃশ্য বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
এতে, ওমর সানিকে দেখা যাবে কোচের ভূমিকায়। আর ইমন থাকবেন খেলোয়াড় হিসেবে।  স্টেডিয়ামের কর্মকর্তা তোফায়েল আহমেদ ও এসএ আহমেদ ঝনু এ চলচ্চিত্রে বাংলাদেশ বনাম পাকিস্তানের খেলায় আম্পায়ারের ভূমিকায় অভিনয় করেছেন।