নতুন স্মার্টফোন বাজারে এনেছে চীনের নির্মাতা প্রতিষ্ঠান জিওনি। ম্যারাথন এম ফাইভ লাইট নামের নতুন এই স্মার্টফোনটির অন্যতম বৈশিষ্ট হচ্ছে এটির ব্যাটারি। যা একবার চার্জ দিলে নিশ্চিন্ত থাকা যাবে তিন দিন। যদিও ফোনটি কিছুদিন আগে বাজারে আসা ম্যারাথন এম ফাইভের সিক্যুয়েল। এতে আগের সিরিজের চেয়ে কিছু বাড়তি সুবিধা থাকছে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।
ম্যারাথন এম লাইটে থাকছে ৫ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে এবং কোয়াড কোর মিডিয়াটেক চিপসেট। থাকছে ১ জিবি র্যাম এবং ১৬ জিবি আভ্যন্তরীণ মেমোরি। আর ফোনটির পিছনের ক্যামেরার ছবি ধারণের ক্ষমতা এইট মেগাপিক্সেল হলেও সামনের ক্যামেরার ক্ষমতা ফাইভ মেগাপিক্সেল।
অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমে চলবে এটি। এতে রয়েছে উন্নত প্রযুক্তির ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এটি একবার চার্জে ৪০ ঘণ্টা পর্যন্ত কথা বলা যাবে এবং গান শোনা যাবে টানা ৬৮ ঘণ্টা।
আপাতত চীনের বাজারে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি। তবে শিগগিরই স্মার্টফোনটির দেশের বাজারেও পাওয়া যাবে বলে জানিয়েছে জিওনির বাংলাদেশের পরিবেশক। মোবাইলটির দাম ধরা হয়েছে ১৫৫ মার্কিন ডলার।





