ইউটিউবে ইমরানের গান দেখা হয়েছে ৮৭ লাখ বার!

এ বছরই বাজারে এসেছে সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের গাওয়া একক অডিও অ্যালবাম ‘বলতে বলতে চলতে চলতে’। বাজারে আসার পরপরই ‘বলতে বলতে চলতে চলতে’ শিরোনামের গানটি নিয়ে একটি মিউজিক ভিডিও তৈরি করা হয়েছিল। এই মিউজিক ভিডিওটি ইমরান তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রচার শুরু করেন। এরই মধ্যে এই গানের মিউজিক ভিডিওটি, বাংলাদেশের কোনো গানের মিউজিক ভিডিও হিসেবে ইউটিউব চ্যানেলে রেকর্ড গড়েছে। প্রায় ৮৭ লাখ দর্শক ইমরানের এই মিউজিক ভিডিওটি দেখেছেন।
এদিকে, একই অ্যালবামের আরেকটি গান ‘ফিরো আসো না’ নিয়েও আরেকটি মিউজিক ভিডিও তৈরি করতে যাচ্ছেন ‘সেরাকণ্ঠ’খ্যাত এই সংগীত তারকা। এরই মধ্যে স্নেহাশীষের লেখা ‘ফিরো আসো না’ গানটির স্টুডিও ভার্সন মিউজিক ভিডিওটি দর্শকের কাছে সাড়া ফেলেছে। ইউটিউবে ইমরানের নিজস্ব চ্যানেলে এই গানটি এরই মধ্যে দেখেছেন প্রায় সাড়ে সাত লাখ দর্শক।
এ প্রসঙ্গে ইমরান জানিয়েছেন, স্টুডিও ভার্সনে দর্শকের সাড়া দেখেই গানটির মূল মিউজিক ভিডিওটি তৈরির উৎসাহ পেয়েছেন তিনি। এই সংগীতশিল্পী বলেন, ‘অ্যালবামের মধ্যে ‘‘বলতে বলতে চলতে চলতে’’ গানটির পরেই ‘‘ফিরো আসো না’’ গানটি আমার পছন্দ। অডিও অ্যালবামেও শ্রোতারা পছন্দ করেছেন গানটি।
মিউজিক ভিডিওটি পরিচালনা করছেন চন্দন চৌধুরী।
ইমরান এও জানিয়েছেন, আগামী ৭ জানুয়ারি থেকে তেজগাঁওয়ের কোক স্টুডিওতে মিউজিক ভিডিওটির শুটিং শুরু হওয়ার কথা।
এদিকে, চলচ্চিত্রের গানেও নিয়মিত সুর-সংগীত ও কণ্ঠ দিচ্ছেন ইমরান। এর মধ্যে ইফতেখার চৌধুরীর ‘নীলিমা’, ওয়াজেদ আলী সুমনের ‘অঙ্গার’ ও আশিকুর রহমানের ‘মিশন আমেরিকা’ ছবিতে গান গেয়েছেন এই সংগীতশিল্পী।